ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠক বসছে আজ সোমবার। বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদ ভবনে শুরু হতে যাওয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। গত ১০ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এরপর কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এ পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও লোকবল সংকটের বিষয়টি উত্থাপন করবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে আলোচনা করবেন সংরক্ষিত নারী আসন-৫ এর সদস্য নেওয়াজ হালিমা আরলী। আর এলডিসি থেকে উত্তরণের পর ওষুধ ও চিকিৎসাশিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে অর্থমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন সংরক্ষিত মহিলা আসন-৪৯ এর সদস্য সুলতানা জেসমিন।
সংসদে তিন বিলসহ আজ যা যা আলোচনায়
আইন প্রণয়ন কার্যাবলিতে আজ তিনটি বিল রয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জারিয়া তাহের বগুড়া উন্নয়ন বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করবেন। পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করবেন।
অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংযোজন) বিল, ২০২৬ সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইবেন। এ ছাড়া কার্যপ্রণালি বিধির ৬০ বিধি অনুযায়ী অর্ধ-ঘণ্টা আলোচনা এবং ১৪৭ বিধি অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা রয়েছে আজকের কার্যসূচিতে।

