এখনো পুরোপুরি নামেনি শীত, তবে শীতের প্রস্তুতিতে পিছিয়ে নেই সাধারণ মানুষ। ভোরের কুয়াশা আর রাতের হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম কাপড় কেনাকাটা।
রাজধানীর ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণিবিতান – সবখানেই এখন শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড়। কেউ খুঁজছেন জ্যাকেট, কেউ সোয়েটার, আবার কেউ পছন্দের হুডি কিংবা চাদর। শীত জেঁকে বসার আগেই পছন্দের পোশাকটি কিনে নিতে ব্যস্ত সবাই।
রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট ও গাউছিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও বিপণিবিতানে বসেছে শীতের পোশাকের পসরা। দোকানে দোকানে সাজানো নানা রঙ ও নকশার শীতবস্ত্র।
পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে আসছেন অনেকেই। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ভরসা ফুটপাত ও তুলনামূলক কম দামের দোকানগুলো। ক্রেতাদের ভাষ্য, শীত বাড়লে পোশাকের দামও বাড়তে পারে। তাই আগেভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা।
শুধু গরম কাপড় নয়, শীতের প্রস্তুতিতে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষকের দোকানগুলোতেও। পুরোনো লেপ-তোষক ধুনিয়ে নেওয়ার পাশাপাশি নতুন লেপ তৈরির অর্ডারও আসছে। কাজের চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
তবে সব দোকানে বেচাকেনার চিত্র এক নয়। কোথাও ক্রেতাদের ভিড় থাকলেও কোনো কোনো ব্যবসায়ী বলছেন, প্রত্যাশা অনুযায়ী বিক্রি বাড়েনি।
নিউমার্কেটের ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম জানান, শীতের মৌসুমে কেনাকাটার গুরুত্বপূর্ণ সময় সন্ধ্যার পর। তাই দোকান খোলা রাখার সময় বাড়ানো গেলে ক্রেতাদের আনাগোনা ও বেচাকেনা আরও বাড়বে।
শীতের তীব্রতা বাড়ার আগেই রাজধানীর বাজারগুলোতে শুরু হয়েছে শীতবস্ত্র কেনার উৎসব। এখন অপেক্ষা শুধু শীতের জোরালো উপস্থিতির।




