BRS TIMES
গুয়াতেমালায় ফিরছে নোবেলজয়ী আস্তুরিয়াসের দেহাবশেষ
আন্তর্জাতিকপ্রচ্ছদ

গুয়াতেমালায় ফিরছে নোবেলজয়ী আস্তুরিয়াসের দেহাবশেষ

মৃত্যুর ৫২ বছর পর নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের ছাই নিজ দেশ গুয়াতেমালায় ফিরছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁর দেহাবশেষ সেখানে পৌঁছেছে। লেখকের জীবনের সাফল্য ও নির্বাসনের দীর্ঘ অধ্যায়ের এভাবেই অবসান ঘটছে।

দেহাবশেষ ফেরানোর সিদ্ধান্ত —

বিভিন্ন সরকার বছরের পর বছর ধরে তাঁর দেহাবশেষ ফেরত চাইলেও পরিবার সায় দেয়নি। ২০২৪ সালে প্রগতিশীল প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো ক্ষমতায় আসার পরই তারা রাজি হয়।

আস্তুরিয়াসের নাতি সানদিনো আস্তুরিয়াস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সবাই মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াসকে একটি পদকের মতো দেশে ফিরিয়ে আনতে চেয়েছে। আমরা সব সময়ই তাকে কারও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছি।

তাঁর মতে, আরেভালোর সরকারের সংস্কারমুখী অবস্থান আস্তুরিয়াসের নিজের বিশ্বাসের সঙ্গে মিলে যায়। তাই এ সময়টাকেই দেহাবশেষ ফিরিয়ে আনার সঠিক সময় বলে মনে হয়েছে পরিবারের।

সানদিনো আস্তুরিয়াস বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবারই সেই সময়। দেশের জন্য এবং সমাজের জন্য গুয়াতেমালার সাহিত্যের অন্যতম মহান ব্যক্তিত্বকে তার জন্মভূমিতে ফিরিয়ে আনা ঐতিহাসিক ন্যায়বিচারের একটি অংশ।

আরেভালোর জয়কে গুয়াতেমালার রাজনীতিতে অনেকেই অপ্রত্যাশিত বলে মনে করেছিলেন। তাঁর জয়ের পর দেশের রাজনীতিতে দীর্ঘদিনের রক্ষণশীল আধিপত্য ভেঙে প্রগতিশীল ধারার নতুন যাত্রা শুরু হয়, যার লক্ষ্য ছিল রাজনৈতিক কাঠামো বদলে দেওয়া।

আস্তুরিয়াসের জন্ম ১৮৯৯ সালে, গুয়াতেমালা সিটিতে। মধ্য আমেরিকার লেখকদের মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন একমাত্র তিনিই – ১৯৬৭ সালে তাঁর সামগ্রিক সাহিত্যকর্মের জন্য।

লেখালেখির পাশাপাশি তিনি মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে কূটনীতিক হিসেবে কাজ করেছেন। বামপন্থি নেতা জাকোবো আরবেনজকে সমর্থন করায় তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের মদদে এক অভ্যুত্থানে আরবেনজের সরকারের পতন হয়।

মায়া সভ্যতার ঐতিহ্য, নতুন ধরনের লেখার কৌশল আর স্বৈরশাসন, বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে তীব্র সমালোচনা – এসবই তাঁর সাহিত্যকে আলাদা পরিচয় দিয়েছে। এ কারণেই তিনি বিংশ শতাব্দীর লাতিন আমেরিকান সাহিত্যের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে গণ্য হন।

মাদ্রিদেই কাটে তাঁর জীবনের শেষ পর্ব। ১৯৭৪ সালে ক্যানসারে মৃত্যুর পর তাঁকে সমাহিত করা হয় প্যারিসের পেরে লাশেজ সমাধিক্ষেত্রে, যেখানে জিম মরিসন, অস্কার ওয়াইল্ড ও ফ্রেদেরিক শপাঁর সমাধিও রয়েছে।

চলতি মাসের প্রথম দিকে প্যারিস থেকে দেহাবশেষ তুলে দাহ করা হয়, আর ফরাসি কর্তৃপক্ষ ছাই তুলে দেয় পরিবারের হাতে। স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয় চার দিনের নানা আয়োজন রেখেছে। আগামী রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস সাংস্কৃতিক কেন্দ্রের স্মৃতিস্তম্ভে রাখা হবে তাঁর ছাই।

Related posts

”১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না“ দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

brs@admin

বিএনপি মহাসচিবের সাথে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

brs@admin

ইসিতে বিএনপি’র আয়-ব্যয়ের হিসাব

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

News Desk

ভোরের বৃষ্টিতে ভিজল ঢাকা – সন্ধ্যায়ও বজ্রবৃষ্টির আভাস

rahman himel

ইরান-ইসরায়েল সংঘাতে আটকা পড়েছেন ইন্টার মিলান তারকা মেহেদি তারেমি

brs@admin