সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সড়ক অবরোধে শিক্ষার্থীরা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবি কী
অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। পরে তাঁরা সরে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে কিছু সময় অবস্থান নেন।
অবরোধ চলার সময় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এতে ১৫ থেকে ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। তাঁরা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। আশির দশকে বাণিজ্য মেলার জন্য সাময়িকভাবে জায়গাটি নেওয়া হলেও পরে আর ফেরত দেওয়া হয়নি।
গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় ওই মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছেন তাঁরা।
শিক্ষার্থীদের আশঙ্কা, মাঠে সচিবালয় স্থাপন করা হলে কৃষিবিষয়ক গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। মাঠটি গবেষণার কাজে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।




