সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সচিবালয়ে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সব কর্মকর্তা-কর্মচারীকে প্রবেশ কার্ড বা আইডি কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক।
সচিবালয়ে নতুন নির্দেশনা: প্রধানমন্ত্রীর অফিস ঘিরে বাড়তি সতর্কতা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে উপসচিব কাজী আরিফুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, সভায় আগত ও ওটিপি মাধ্যমে বহু দর্শনার্থী প্রবেশ করেন। প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আইডি কার্ড প্রদর্শন একান্ত প্রয়োজন।
আদেশে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের কর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সচিবালয়ে কর্মরত সবাই যাতে সার্বক্ষণিক আইডি কার্ড দৃশ্যমান রাখেন, সেটাই নিশ্চিত করতে বলা হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিনগুলোতে বাইরের অফিসের সঙ্গে সভা যথাসম্ভব সীমিত রাখতে বলা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার বদলে বেলা ২টা নির্ধারণ করা হয়।
এ ছাড়া সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটিতে থাকা কর্মকর্তাদের জন্যও ছুটিকালীন সময়ে ওটিপি প্রদান বন্ধ রাখতে বলা হয়েছে। সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা আর দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণের স্বার্থেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।




