গত দুই বছরে একসঙ্গে প্রায় অর্ধশতাধিক নাটকে জুটি বেঁধেছেন আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামাল। এবার পারিবারিক গল্পের নাটক ‘দুটি মন’-এ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এই জুটি। গত ২৯ অক্টোবর ক্যাপিটাল নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি ইতিমধ্যে ১০ লাখের বেশি বার দেখা হয়েছে।
নাটকের গল্পে দেখা যায়, একক পরিবারে বড় হওয়া এক ছেলে তার বাবার জীবনে নতুন সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করে। সেই চেষ্টাকে ঘিরেই এগিয়ে চলে কাহিনি। দীর্ঘদিন ধরে পরিবারের ভেতরে জমে থাকা অভিমান একসময় তৈরি করে দূরত্ব।
বাবার জন্য সঙ্গী খোঁজে ছেলে
বিচ্ছেদ আর একাকিত্বের পাশাপাশি গল্পে রয়েছে ভালোবাসা ও মানসিক টানাপোড়েন। যত্নের সম্পর্কগুলো মান-অভিমানের কারণে কীভাবে বদলে যায়, সেই গল্পই বলেছে ‘দুটি মন’।
নাটকটি পরিচালনা করেছেন রাসেল আজম। তাঁর ভাষ্য, খুব কাছ থেকে দেখা একটি গল্পই তিনি তুলে ধরেছেন। বাবা-ছেলের সম্পর্কের এই গল্পের সঙ্গে তাঁর নিজের আবেগও জড়িয়ে আছে। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।
নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। ছেলের চরিত্রে আরশ খান, আর তার চাচাতো বোনের চরিত্রে সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা।

নাটকটি নিয়ে সুনেরাহ্ বিনতে কামাল বলেন, গল্পটি তাঁর নিজের কাছেও অনেক ভালো লেগেছে। দর্শক নাটকটি পছন্দ করছেন, সেটাও তাঁর কাছে ভালো লাগার।
আরশ খান সামাজিক মাধ্যমে লিখেছেন, এই গল্পের সঙ্গে অনেকের জীবনের গল্প মিলে যাবে। সম্পর্কের একটি ভুল জীবন কোথায় নিয়ে যায়, তা এই নাটকে দেখা যাবে।

এর আগে এই জুটির ‘না বলা কথা’, ‘শ্যাওলা ফুল’, ‘প্রজাপতি মন’ ও ‘কপাল’ নাটকগুলো দর্শকের পছন্দের তালিকায় ছিল। তাঁদের আরও কয়েকটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে।




