26 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন পোপ চতুর্দশ লিও
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন পোপ চতুর্দশ লিও

ফুসফুসে শনাক্ত হওয়া একটি ছোট টিস্যু-পিণ্ড (নডিউল) অপসারণের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিও। মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে তাঁর ভর্তি হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অস্ত্রোপচারে সাধারণত ঝুঁকি কম থাকে।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বার্তা সংস্থা এএফপিকে জানান, ৭১ বছর বয়সী পোপ মঙ্গলবার বেলা বাড়ার দিকে হাসপাতালে যাবেন।

২০২৫ সালের ৮ মে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন পোপ চতুর্দশ লিও।

রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাসের প্রার্থনা শেষে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে নিজের শারীরিক অবস্থার কথা জানান পোপ। তিনি বলেন, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকেরা তাঁর ফুসফুসে একটি নডিউল শনাক্ত করেছেন। এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

অ্যাপোস্টলিক প্রাসাদের একটি জানালা থেকে দেওয়া বক্তব্যে পোপ বলেন, চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তাঁদের পরামর্শ মেনেই তিনি নডিউলটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন।

ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর সুস্থ হতে পোপের প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সব দর্শন-অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

হাসপাতালে অবস্থানকালে জেমেলি হাসপাতালের ওপরের তলার একটি বিশেষ কক্ষে থাকবেন পোপ। কক্ষটিতে রয়েছে ছোট একটি প্রার্থনাকক্ষ, রান্নাঘর এবং চিকিৎসাকর্মীদের বৈঠকের জন্য আলাদা কক্ষ।

Related posts

ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই এনসিপি : নাহিদ

News Desk

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক সিম্পসন আর নেই

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

brs@admin

আমার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদূতের ফরমাল অভিযোগ নেই: মেঘনা আলম

brs@admin

ছয় জেলায় নতুন ডিসি

News Desk

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : সেনাপ্রধান

News Desk
Translate »