26.9 C
Bangladesh
Monday, September 28, 2026
BRS TIMES
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের শুভ সূচনা
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের শুভ সূচনা

উয়েফা নেশনস লিগে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ ‘এ৩’-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্পেন।

শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে গোল করেন লামিনে ইয়ামাল, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওয়ারজাবাল। ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেন অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্পেন। ডিফেন্ডার মার্ক গেহির ভুলের সুযোগ নিয়ে বল দখলে নেন ইয়ামাল। এরপর ইংল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করে স্পেনকে এগিয়ে দেন তিনি।

অষ্টম মিনিটে ফের গোল করে স্পেন। তবে অফসাইডের কারণে ফেরান তোরেসের সেই গোল বাতিল হয়।

৩৬ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। জুড বেলিংহামের পাস পেয়ে বক্সের বাইরে থেকে শটে স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করেন অ্যান্থনি গর্ডন।

সমতায় ফেরার চার মিনিট পরই এগিয়ে যায় ইংল্যান্ড। ৪০ মিনিটে নিকো ও’রাইলির ক্রস থেকে হ্যারি কেইনের হেড স্পেনের মার্ক কুকুরেয়ার উরুতে লেগে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের হয়ে ১২৩ ম্যাচে ৮৬ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ইংল্যান্ড। ৫১ মিনিটে নিজেদের বক্সে জুড বেলিংহামকে ফাউল করেন স্পেন অধিনায়ক রদ্রি। ভিএআরের সহায়তায় ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন কেইন। তাঁর নেওয়া শট ক্রসবারে লাগে।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করার পর ইংল্যান্ডের জার্সিতে এটিই কেইনের প্রথম পেনাল্টি মিস।

৫৫ মিনিটে নিকো উইলিয়ামস ও ফেরান তোরেসকে তুলে অ্যালেক্স বায়েনা ও মিকেল ওয়ারজাবালকে মাঠে নামান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

এর পাঁচ মিনিট পরই সমতায় ফেরে স্পেন। দানি ওলমোর পাস থেকে দারুণ শটে গোল করেন বায়েনা।

এরপর বদলি হিসেবে মাঠে নামা ওয়ারজাবালও গোলের দেখা পান। বায়েনার পাস থেকে বল পেয়ে ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে পরাস্ত করেন তিনি। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। এই জয়ের ফলে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করল বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সর্বশেষ হেরেছিল স্পেন।

একই গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪ মিনিটে অ্যাডাম কারাবেচের গোলে সমতায় ফেরে চেক প্রজাতন্ত্র। তবে ৭৭ মিনিটে গোল করে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন মারিও পাসালিচ।

এ জয়ের ফলে স্পেনের পাশাপাশি গ্রুপ ‘এ৩’-এ জয় দিয়ে নেশনস লিগের নতুন আসর শুরু করেছে ক্রোয়েশিয়াও।

Related posts

হবিগঞ্জে মাদকসহ দুইজন গ্রেপ্তার

News Desk

দুই বাংলাদেশিকে ফেরত পেয়ে ভারতীয়দের ছেড়ে দিল বিজিবি

brs@admin

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন দাস

News Desk

স্বাগতিক মেক্সিকোর জয় দিয়ে শুরু বিশ্বকাপ ফুটবল

brs@admin

ডাকসু নির্বাচন: বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি আজ

News Desk

দেশে তিন শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা করছে : সালাহউদ্দিন

News Desk
Translate »