BRS TIMES
স্টেডিয়ামের গ্যালারিতে অটোরিকশার দোকান, বরাদ্দ বাতিলের নির্দেশ
খেলাধূলাজাতীয়প্রচ্ছদশিরোনাম

স্টেডিয়ামের গ্যালারিতে অটোরিকশার দোকান বরাদ্দ বাতিলের নির্দেশ

রাজধানীর কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্যালারির অটোরিকশার দোকানগুলোর বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় স্টেডিয়ামের ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেসবক্স ও বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখেন তিনি।

আমিনুল হক বলেন, একটি ক্রীড়া স্থাপনার পরিবেশ কোনোভাবেই এমন হতে পারে না। স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধিদল স্টেডিয়াম পরিদর্শন করে দোকানগুলো ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করবে বলেও জানান তিনি।

স্টেডিয়ামে ক্রীড়াসংশ্লিষ্ট কাজের পরিবর্তে অটোরিকশার ব্যবসা পরিচালনার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তার দাবি, এসব ব্যবসার কারণে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে।

তিনি জানান, কমলাপুর স্টেডিয়াম এলাকায় থাকা দোকানগুলোর চুক্তি বাতিল করা হবে। অটোরিকশার দোকান উচ্ছেদের পর সেখানে ক্লাবসহ ক্রীড়াসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ড্রেসিং রুম, ওয়াশরুম, ক্যাম্প, প্রেসবক্স ও স্টেডিয়াম এলাকার আবর্জনা পরিষ্কার করে দ্রুত নতুন পরিবেশ তৈরি করা হবে। খেলোয়াড়দের জন্য ফ্যান ও এসির ব্যবস্থাও করা হবে।

এর আগে গত ১ মার্চ কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে বিভিন্ন সংস্কারের কথা জানিয়েছিলেন আমিনুল হক। তবে কয়েক মাসেও তেমন অগ্রগতি না হওয়ায় এবার প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমানে স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ না থাকলেও দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানের আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে স্টেডিয়ামকে মাদকমুক্ত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Related posts

রাশিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, অন্তত ৫ জন নিহত

News Desk

আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার

News Desk

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে উদ্বেগ, অন্তর্বর্তী সরকারের বার্তা

News Desk

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

brs@admin

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

News Desk

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

News Desk
Translate »