ব্যাট হাতে ব্যর্থতা থাকলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শুরুতেই ৮ রানে ২ উইকেট হারানোর পর জুরাইরা ও নিগার সুলতানার ২৯ রানের জুটি কিছুটা সামাল দেয় দলকে। এরপর আবারও ব্যাটিং ধস নামে। ৫৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
শেষ দিকে শারমিন ও নাহিদার ৪২ রানের জুটি বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। শারমিন ৩১ বলে ৩৮ রান করে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। নাহিদা করেন ১৬ রান। আর নিগার সুলতানা করেন ২৩ রান।
আমিরাতের হয়ে সুরক্ষা কোট্টে ৩ উইকেট শিকার করেন।
১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আমিরাত। শুরু থেকেই দুর্দান্ত সুইংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন মারুফা আক্তার।
ইনিংসের চতুর্থ বলেই দারুণ এক ইনসুইঙ্গারে আমিরাত অধিনায়ক এশা ওঝাকে বোল্ড করেন মারুফা। পরের ওভারেই ওয়ান-ডাউনে নামা সামাইরা ধরনীধরকাকে ফিরিয়ে দেন তিনি।
পাওয়ার প্লেতে নিজের ৩ ওভারে মাত্র ৬ রান দেন মারুফা। ফলে ৬ ওভার শেষে আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৫ রান। নবম ওভারে ফিরে আরও একবার আঘাত হানেন তিনি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে দুর্দান্ত স্পেল শেষ করেন এই পেসার।
অন্য প্রান্তে অফস্পিনে আমিরাতের ব্যাটারদের চাপে রাখেন সুলতানা খাতুন। ১০ ওভার শেষে আমিরাতের স্কোর ছিল ৩ উইকেটে ৩৪ রান।
১১তম ওভারে তীর্থা সতীশের বিদায়ের পর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। ব্যাট হাতে ১৬ রান করার পর বল হাতে জোড়া আঘাত হেনে আমিরাতের চাপ আরও বাড়িয়ে দেন নাহিদা আক্তার।
এরপর অফস্পিনার রাবেয়া খানও তিন উইকেট নিয়ে আমিরাতের ব্যাটিং লাইনআপে ধস নামান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করতে পারে সংযুক্ত আরব আমিরাত।
ফলে ৩৪ রানের জয় নিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়াকেও হারিয়েছিল তারা।
বি গ্রুপের রানার্সআপ বাংলাদেশ আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হবে ভারতের।




