31.9 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালন করছে। এ প্রেক্ষিতে আজ রোববার নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান চরফ্যাশন ও ভোলা পরিদর্শন করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টগুলোর সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

চরফ্যাশন ও ভোলা সফরকালে তিনি অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং র‌্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নৌবাহিনী প্রধান আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্ট মার্টিনস এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ লক্ষ্যে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান, নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।

উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

বিআরএসটি/ এমএ

Related posts

সিলেটে ভারতীয় চারটি এয়ারগান উদ্ধার

News Desk

মঙ্গলবার মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা

News Desk

রংপুরে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

News Desk

ফাঁসিতে ঝুলছিলেন স্বামী, কূপে পড়ে ছিল স্ত্রী ও দুই সন্তানের মরদেহ

News Desk

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী

brs@admin

দশমাইলে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

brs@admin
Translate »