26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মার্চ ফর গাজা’ কর্মসূচিতে রাজপথে বিএনপি-জামায়াত-এনসিপি

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়াতে অনুষ্ঠিত হবে। সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি গণজমায়াতে সকল রাজনৈতিক দলের অবস্থানও থাকছে।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে এই প্রথম দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো একযোগে মাঠে নামছে। আজকের গণজমায়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও আলোচিত দুই বক্তা উপস্থিত থাকবেন।

আয়োজকেরা জানিয়েছেন, এই কর্মসূচিতে যোগ দেবেন আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ আরও অনেকেই।

বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এটি ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকেরা।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম এ কর্মসূচির আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এ কর্মসূচি মাগরিব পর্যন্ত চলবে।

দুপুরের পর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে এরই মধ্যে সারা দেশ থেকে লোকজন এসে জড়ো হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। লোকজনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তাদের হাতে শোভা পাচ্ছে ফিলিস্তিনের জাতীয় পতাকা।

এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। আজ দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত রুটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

নির্দেশনা অনুযায়ী, বাংলামোটর থেকে আগতরা রমনা গেট দিয়ে (শাহবাগ হয়ে), কাকরাইল মোড় থেকে আগতরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। এছাড়া জিরো পয়েন্ট ও বকশীবাজার থেকে আগতরা টিএসসি গেট দিয়ে (দোয়েল চত্বর হয়ে), নীলক্ষেত মোড় থেকে আগতরা টিএসসি গেট দিয়ে (ভিসি চত্বর হয়ে) সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের ফেসবুক পেজে আজকের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ নির্দেশনাসমূহ

১. টিএসসি মেট্রো স্টেশন কাল বন্ধ থাকবে।

২. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইলো।

সাধারণ দিক নির্দেশনা

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন—পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত : মির্জা ফখরুল

News Desk

ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন

brs@admin

গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ধার নিয়ে পুরোনো ঋণ পরিশোধ করছে সরকার

News Desk

মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত : ইসি সচিব

News Desk
Translate »