কুষ্টিয়ায় গভীর রাতে পৃথক দুই স্থানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনে ককটেল এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। তবে দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত আনুমানিক দেড়টার দিকে শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। জজের নাজির মিজানুর রহমান জানান, ককটেলটি জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাসভবনের নিরাপত্তায় থাকা চার পুলিশ সদস্য বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
দুই স্থানে বোমা হামলা যেভাবে ঘটল
একই রাতে আনুমানিক রাত ২টা ২৫ মিনিটে মিরপুর পৌরসভার টিঅ্যান্ডটি সড়কে গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখা লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অপরটি দ্বিতীয় তলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে আগুন ধরে যায়।
পরে ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষের একটি লেপ ও তোশক পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। শাখা ব্যবস্থাপক রেকনুজ্জামান আমিন জানান, থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, জজের বাসভবনে হামলার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং উভয় ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

