রাজধানীর ধানমন্ডিতে একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি গয়না ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংস প্লাজায় এ ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, চুরি যাওয়া গয়নার মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। দোকানের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর তালা কেটে দোকানে ঢুকে গয়না নিয়ে যায় দুর্বৃত্তরা। তার ভাষ্য, সোনার দোকান একদম খালি করে ফেলেছে, কোথাও কোনো সোনা রেখে যায়নি।
সোনার দোকানে চুরি যেভাবে ঘটল
দোকানের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীলের ভাষ্য, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন। ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজনসহ তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় সন্দেহভাজন চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করে তাদেরই কয়েকজনের যোগসাজশে চুরিটি ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
শনিবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে তালা কাটার ইলেকট্রনিক মেশিন ও বড় রড কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। জুয়েলার্স কর্তৃপক্ষ জানায়, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল; সেবার নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল।

