চামড়া খাতের সংকট নিরসনে ১৩ দফা প্রস্তাব দিয়েছে নবগঠিত লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)। প্রস্তাবের মধ্যে ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা পুনরায় চালু করতে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অলাভজনক জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে এলএফবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পসংশ্লিষ্ট সব বাণিজ্য সংগঠনের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এলএফবির প্রধান লক্ষ্য বলে জানানো হয়।
চামড়া খাতে এলএফবির ১৩ দফা প্রস্তাব
১৩ দফা প্রস্তাবের মধ্যে আরও রয়েছে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা শক্তিশালী লেদার বোর্ড গঠন, সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়নের পাশাপাশি নতুন দুটি সিইটিপি নির্মাণ এবং এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক ও চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপন।
এ ছাড়া পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশি চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে সিইটিপি গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। যাঁরা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ এবং আমদানি-রপ্তানিতে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে। ফাউন্ডেশনের প্রথম বছরের পরিকল্পনায় রয়েছে এক হাজার শ্রমিকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে আদর্শ পরিবেশবান্ধব কারখানায় রূপান্তর এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা।

