BRS TIMES
মহাকাশে ডেটা সেন্টার বসাবে স্পেসএক্স ‐ আপত্তি অ্যামাজনের
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মহাকাশে ডেটা সেন্টার বসাবে স্পেসএক্স ‐ আপত্তি অ্যামাজনের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবার মহাকাশেই ডেটা সেন্টার বসানোর পথে এগোচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার এই অনুমোদনের কথা জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্রে এ ধরনের পরিকল্পনার ক্ষেত্রে এটিই প্রথম অনুমোদন।

স্পেসএক্স চলতি বছরের শুরুতেই মহাকাশে সর্বোচ্চ ১০ লাখ অরবিটাল কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেছিল। স্টারমাইন্ড নামের এই স্যাটেলাইটগুলো মূলত কম্পিউট মডিউল হিসেবে কাজ করবে, অর্থাৎ পৃথিবীর কক্ষপথে থেকেই তথ্য প্রক্রিয়াকরণের কাজ করবে এগুলো।

মহাকাশে ডেটা সেন্টার নিয়ে যত আপত্তি

এফসিসির মতে, এই উদ্যোগ মানবসভ্যতাকে সূর্যের সম্পূর্ণ শক্তি কাজে লাগাতে সক্ষম সভ্যতার আরও কাছাকাছি নিয়ে যেতে পারে। সংস্থাটির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে সুপার ইন্টেলিজেন্সের যুগে নেতৃত্ব দিচ্ছে।

অনুমোদনের শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে স্পেসএক্সকে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত মোট সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ এক লাখ স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে মোট সংখ্যার অর্ধেক।

এফসিসিতে জমা দেওয়া আবেদনে স্পেসএক্স বলেছে, মহাকাশে স্থাপিত এসব স্যাটেলাইট প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করতে পারবে। এতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমার পাশাপাশি জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়বে। একই সঙ্গে পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনার কারণে পরিবেশের ওপর যে চাপ তৈরি হয়, তা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

তবে এ পরিকল্পনা নিয়ে সংশয় ও আপত্তি দুটোই রয়েছে। স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের স্যাটেলাইট বিভাগ লিওসহ কয়েকটি প্রতিষ্ঠান পরিকল্পনাটির সমালোচনা করেছে। তাদের দাবি, স্পেসএক্সের পক্ষে সব স্যাটেলাইট উৎক্ষেপণ করা কঠিন হতে পারে এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নে কয়েক শতাব্দীও লেগে যেতে পারে।

সমালোচকদের মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে, ফলে বাস্তবে এ ধরনের কেন্দ্র নির্মাণ ও পরিচালনা শুরু করতে আরও অনেক সময় লাগতে পারে।

শেষ পর্যন্ত স্পেসএক্স ১০ লাখ স্যাটেলাইটই পাঠাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে, এর মধ্যে স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্কেরই রয়েছে ১১ হাজারের বেশি।

সাধারণত স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ পরিকল্পনায় নমনীয়তা রাখতে বাস্তব পরিকল্পনার চেয়ে বেশি সংখ্যার অনুমোদন চেয়ে থাকে। নতুন এই পরিকল্পনার বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপের ওপর, যার উন্নয়নকাজ এখনো চলছে।

Related posts

সুন্দরবনের মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

News Desk

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার জন্য সর্ব্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক: এরদোগান

brs@admin

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

News Desk

‘ক্ষমতার মোহ নয়, মানুষের ভালোবাসাই চাই’ : ইউপি চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর

News Desk

‘বাবরি মসজিদ’ নির্মাণে দানবাক্সে পড়লো পৌনে ২ কোটি টাকা

News Desk

আ.লীগের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার

News Desk