টসের বিভ্রান্তি দিয়ে শুরু, শেষ পর্যন্ত উত্তেজনায় ঠাসা ‐ দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ ম্যাচে ভারত এ দলকে ৪৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান শাহিনস। পাকিস্তানের ৩১৩ রানের জবাবে অধিনায়ক তিলক বর্মার সেঞ্চুরি সত্ত্বেও ২৬৫ রানে গুটিয়ে যায় ভারত।
ম্যাচের শুরুটা ছিল নাটকীয়। কয়েন মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ ঘোষণা করেন টেইল। কিন্তু পাকিস্তান অধিনায়ক আবদুল সামাদ মানতে নারাজ ‐ তাঁর দাবি, কয়েনের ওপরের দিকটা হেড, আর তিনিই ডেকেছিলেন হেড। দুই অধিনায়ক ঝুঁকে কয়েন দেখলেন; দেখা গেল সামাদের কথাই ঠিক, ভুল ঘোষণা দিয়েছিলেন রেফারি। টসের পর দুই অধিনায়ক হাতও মেলাননি; ম্যাচ শেষেও একই দৃশ্য ‐ আবার দেখা গেল নো হ্যান্ডশেক।
ভারত-পাকিস্তান ম্যাচে যত কাণ্ড
টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে পাকিস্তান ‐ প্রথম পাঁচ ওভারেই ৫৮, উদ্বোধনী জুটিতে ৬৬। শামিল হুসাইন ৩৩, মাজ সাদাকাত ৫৯, হাসান নওয়াজ ৮২ বলে ৭৯ ও ফারহান ইউসুফ ৪৮ বলে ৫৬ রান করেন। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান এ দল।
তবে রানের পাশাপাশি মাঠে উত্তাপও ছড়িয়েছে। প্রথম ওভারেই শামিলের ব্যাটে চার-ছক্কা হজম করেন হর্ষিত রানা; পরে বাউন্সার আর কথার লড়াইয়ে জড়ান তিনি। শামিলের ক্যাচ নেওয়ার পর তাঁকে মাঠ ছাড়ার ইশারা করেন রানা, কথা-কাটাকাটি হয় সাদাকাতের সঙ্গেও। বল হাতে দিনটা ভালো কাটেনি রানার ‐ ১০ ওভারে ৭৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।
৩১৪ রানের লক্ষ্যে নেমে চতুর্থ ওভারেই ফেরেন বৈভব সূর্যবংশী; মাঠ ছাড়ার সময় পাকিস্তানের এক খেলোয়াড়ের সঙ্গে তাঁরও কথা-কাটাকাটি হয়। অভিষেক শর্মা ৪২ বলে ৭০ রান করলেও একপর্যায়ে ১২৯ রানে ৬ উইকেট হারায় ভারত। সেখান থেকে শাহবাজ আহমেদকে (৫৬) নিয়ে ১১২ রানের জুটি গড়েন তিলক।
৪৫তম ওভারে রানধাওয়ার ফুলটসে শূন্য রানে আউট হন রানা। মাথা নিচু করে মাঠ ছাড়ার সময় তাঁর দিকে এগিয়ে যান পাকিস্তানের সুফিয়ান মুকিম, হুমকির ভঙ্গিতে কিছু বলতেও দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ১৪৯ বলে ১০০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিলক; ম্যাচসেরা হাসান নওয়াজ। ভারতের আশা এখনো টিকে আছে ‐ শেষ গ্রুপ ম্যাচে আরব আমিরাতকে হারালেই সেমিফাইনাল।




