রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে গতকাল রোববার বিকেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।
আহতেরা হলেন কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী ও কলেজের মালি জাহাঙ্গীর হোসেন। ওপর থেকে ছোড়া একটি ককটেল জাহাঙ্গীরের মাথায় পড়ে বিস্ফোরিত হয়; স্প্লিন্টারের আঘাতে তাঁর মাথা ও চোখে গুরুতর জখম হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ককটেল বিস্ফোরণে যা ঘটল
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র্যাব সড়ক ফাঁকা রাখছিল। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার কয়েক মিনিট পরই কলেজের ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। তখন কলেজে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছিল।
কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান বলেন, প্রথম বিস্ফোরণের শব্দে তাঁরা ভেবেছিলেন গাড়ির চাকা ফেটে গেছে। দ্বিতীয় বিস্ফোরণের পর বুঝতে পারেন ককটেল ছোড়া হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্দেহভাজন দুজনকে হাতেনাতে ধরে পুলিশে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে; পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গতকাল দুপুরে রাজধানীর মালিবাগে আবুজর গিফারি কলেজের মাঠে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, যদিও সেখানে কেউ হতাহত হননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচি ঘিরে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।




