ভারত সফররত পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মুসাদ্দিক মালিককে আগ্রার তাজমহল দেখার অনুমতি দিয়েছে ভারত সরকার। তাজমহলের পাশাপাশি দিল্লির আরও তিনটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে পারবেন তিনি। তবে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি তাকে দেওয়া হয়নি।
সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান হাইকমিশন মোট পাঁচটি জায়গা দেখার অনুমতি চেয়েছিল ‐ আগ্রার তাজমহল, দিল্লি হাট, হুমায়ুনের সমাধি, কিলা রাই পিথোরা ও হজরত নিজামুদ্দিন দরগা। নিরাপত্তা মূল্যায়নের পর প্রথম চারটির অনুমতি মিললেও দরগা সফরের আবেদন নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত কারণে নাকচ করা হয়েছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি স্পষ্ট করে।
তাজমহলসহ চার জায়গায় অনুমতি
এর আগে শুক্রবার খবর ছড়িয়েছিল, ফোরামের বাইরে মালিকের সব আবেদনই ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তার সফর শুধু অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে। পরে অনুমতির বিষয়টি স্পষ্ট হওয়ায় সেই ধারণা বদলে যায়। মালিকের সঙ্গে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারাও এই সফরে থাকবেন বলে জানা গেছে।
মুসাদ্দিক মালিক দিল্লিতে এসেছেন সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতা সংলাপ ফোরামে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে। ২০ থেকে ২২ নভেম্বর পুরানা কিলায় আয়োজিত এই ফোরামে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লি পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচ।
তিন বছরের বেশি সময় পর কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর এটাই প্রথম ভারত সফর। গত বছরের মে মাসে পেহেলগাম হামলার পর দুই দেশের সামরিক সংঘাতের পর থেকে এ ধরনের সফর আর হয়নি। এর আগে ২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
ভারত প্রথমে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল; ইসলামাবাদ তার বদলে মুসাদ্দিক মালিককে মনোনীত করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রচলিত রীতি অনুযায়ী এসসিওর সব সদস্য দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছিল।

