BRS TIMES
ড্রোনের আঘাতে জ্বলল রুশ জাহাজ ‐ ভেসে এল ফিনল্যান্ডের জলে
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ড্রোনের আঘাতে জ্বলল রুশ জাহাজ ‐ ভেসে এল ফিনল্যান্ডের জলে

বাল্টিক সাগরের ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় আগুন ধরে গেছে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে। সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত স্পার্টা-২ নামের জাহাজটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়েছে। ফিনল্যান্ড বলছে, হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদগামী জাহাজটি শনিবার রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ক্ষতিগ্রস্ত হয়। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকসান্দর দ্রোজদেঙ্কো জানান, রুশ সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হানে। ওই দিন লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ৮০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানান তিনি।

রুশ জাহাজে হামলার নেপথ্যে কে

এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, সম্ভবত ইউক্রেন এই হামলার পেছনে রয়েছে। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হলো, তা পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে এবং এটি রুশ জাহাজ কোম্পানি ওবোরনলজিস্টিকার সঙ্গে সম্পর্কিত।

জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে ও পরে কাছের একটি রুশ জাহাজে ওঠেন; তাঁরা এখন রাশিয়ায় ফিরছেন বলে জানিয়েছেন ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন। তিনি বলেন, জাহাজে কী পণ্য আছে, তা নিয়ে এই মুহূর্তে নিশ্চিত তথ্য নেই; তবে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা থাকায় উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে ফিনল্যান্ড। তবে শেষ পর্যন্ত রুশ জাহাজগুলো ধ্বংসাবশেষ টেনে রাশিয়ায় নিয়ে যেতে পারে। এদিকে উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুদ্ধ আমাদের প্রতিবেশী এলাকায় ছড়িয়ে পড়ছে। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ সেখানকার পরিস্থিতি সামাল দিচ্ছে। আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের আছে বলেও মন্তব্য করেন তিনি।

চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের দিকে একের পর এক সামরিক ড্রোন পাঠিয়েছে ইউক্রেন। এর কয়েকটি পথ হারিয়ে বাল্টিক অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়ে। এতে আশঙ্কা তৈরি হয়েছে, যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও পড়তে পারে।

Related posts

নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

brs@admin

ইউক্রেন থেকে মস্কোকে সাহায্য করা মার্কিন নাগরিক পেলেন রাশিয়ান পাসপোর্ট

News Desk

‘সেনাসদর নির্বাচনী পর্ষদ’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

News Desk

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News Desk

সাকিবকে ফেরাতে বোর্ডের সাথে কথা বলবেন মিরাজ!

brs@admin

হানির আত্মঘাতী গোলে কপাল পুড়ল মিশরের

brs@admin