মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আশুলিয়ার কাঠগড়া এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। শনিবার সকালে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা এদিন কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে সকাল পৌনে ১১টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিল থেকে শ্রমিকেরা জিরাবো-বিসমাইল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে; পরে শ্রমিকেরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
ছত্রভঙ্গে টিয়ারশেল
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। কয়েকটি চালু কারখানায় কিছু শ্রমিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন; পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসেও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতির মুখে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ; এর মধ্যে ১১টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে।
অন্যদিকে আশুলিয়ার নরসিংহপুরে হামীম গ্রুপের একটি কারখানায় কাজ শুরুর সময় সকাল ৮টা থেকে এগিয়ে সকাল ৭টা নির্ধারণের প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। তাঁরা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে নিচতলায় অবস্থান নেন।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে; বোর্ডের তৃতীয় বৈঠকে সোমবার মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। এদিকে আন্দোলনে কারখানাগুলোর ক্ষতির জরিপ শুরু করেছে বিজিএমইএ।

