আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিন প্রতিমন্ত্রী রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করেন। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন তিনি।
মীর শাহে আলম বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তাঁর স্মৃতি অম্লান রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নামকরণ করা হয়েছে তাঁর নামে।
নিষিদ্ধের সিদ্ধান্ত ঐকমত্যে
আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, বোমা হামলা, হত্যাযজ্ঞ ও গুমের মাধ্যমে দলটি অতীতে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল; সাম্প্রতিক কর্মকাণ্ডেও তারা আবারও নিজেদের সন্ত্রাসী চরিত্র প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা সঠিক ও যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে। এখন নতুন করে বিষয়টি ভাবার সময় এসেছে; সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ায় প্রয়োজন হলে ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, তবে এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ইতোমধ্যে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর সিটি করপোরেশনের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে তাঁর মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে; বৃহত্তর রংপুর অঞ্চলের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

