BRS TIMES
এবার কি শেষ হচ্ছে নেতানিয়াহুর ১৯ বছরের শাসন
আন্তর্জাতিকপ্রচ্ছদ

এবার কি শেষ হচ্ছে নেতানিয়াহুর ১৯ বছরের শাসন

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু ‐ তিন দফায় প্রায় ১৯ বছর। মাথার ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা, দেশে চলছে তিনটি দুর্নীতির মামলার বিচার। তবু এত দিন ক্ষমতা আঁকড়ে থাকতে পেরেছেন তিনি। তবে এবার বিরোধী জোট একজোট হওয়ায় তাঁর সেই দীর্ঘ শাসনের অবসান ঘটতে পারে।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে ফৌজদারি মামলার বিচারের মুখোমুখি হওয়া ইসরায়েলের ইতিহাসে প্রথম নেতা নেতানিয়াহু। বিবিসির তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে তিনটি বড় দুর্নীতির মামলা ‐ কেস ১০০০, কেস ২০০০ ও কেস ৪০০০। ২০২০ সালে শুরু হওয়া বিচারে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

কেস ১০০০-এর অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা ধনকুবের আর্নন মিলচান ও জেমস প্যাকারের কাছ থেকে প্রায় ৭ লাখ শেকেল মূল্যের দামি সিগার ও শ্যাম্পেন উপহার নিয়েছেন, বিনিময়ে তাঁদের ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছেন। কেস ২০০০-এ অভিযোগ গণমাধ্যম নিয়ন্ত্রণের গোপন চুক্তির, আর সবচেয়ে গুরুতর কেস ৪০০০-এ টেলিকম কোম্পানি বেজেকের মালিককে প্রায় ৫০ কোটি ডলারের সুবিধা দিয়ে বিনিময়ে অনুকূল সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।

নেতানিয়াহুর ১৯ বছরের শাসনের কৌশল

অভিযোগ থেকে বাঁচতে নেতানিয়াহু বিচারব্যবস্থাকেই দুর্বল করার চেষ্টা করেছেন বলে মনে করে গবেষণা সংস্থা ইসরায়েল পলিসি ফোরাম। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো ও বিচারক নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ২০২৩ সালে ইসরায়েলজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিলেন।

বিশ্লেষকদের মতে, তাঁর টিকে থাকার সবচেয়ে বড় কৌশল যুদ্ধ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া যুদ্ধে প্রায় ৭৫ হাজার মানুষ নিহত হয়েছেন, জাতিসংঘ একে গণহত্যা বলে ঘোষণা করেছে। অভিযোগ আছে, নিজের বিচার পেছাতে ও জনগণের মনোযোগ ঘোরাতে তিনি যুদ্ধ দীর্ঘায়িত করেছেন; যুদ্ধের অজুহাতে বারবার আদালতে হাজিরাও স্থগিত করেছেন তিনি।

গাজা যুদ্ধে জনপ্রিয়তা না বাড়ায় নেতানিয়াহু নজর ঘোরান দীর্ঘদিনের প্রতিপক্ষ ইরানের দিকে। কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক হুমকির কথা বলে আসা নেতানিয়াহু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সেই যুদ্ধ এখন নবম মাসে ‐ শুরুর দিকে যুদ্ধকালীন নেতা হিসেবে তাঁর প্রতি জনসমর্থন বেড়ে ৬২ শতাংশে পৌঁছেছিল।

যুদ্ধের মাঝেই নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে দুর্নীতির মামলা থেকে ক্ষমা চান ‐ যুক্তি ছিল, চলমান বিচার জাতিকে বিভক্ত করছে। প্রতিপক্ষ নেতা ইয়ার গোলান তখন বলেছিলেন, শুধু অপরাধীরাই ক্ষমা চায়।

তবে এবার পরিস্থিতি বদলেছে। নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর প্রেসিডেন্ট হারজগ বিরোধী জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আইজেনকট সরকার গঠনে সফল হলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে।

ক্ষমতা হারালে বিচার চলবে স্বাভাবিক নিয়মে, দোষী সাব্যস্ত হলে শাস্তির মুখোমুখি হতে হবে তাঁকে। তাই এবারের সরকার গঠনের প্রক্রিয়াই নির্ধারণ করবে, ১৯ বছরের শাসনের ইতি ঘটছে, নাকি আবারও কোনো কৌশলে টিকে যাচ্ছেন নেতানিয়াহু।

Related posts

নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় ইশরাকের প্রতিক্রিয়া

brs@admin

চাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা বৃহস্পতিবার

News Desk

ইরানে ইসরাইলপন্থি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

News Desk

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

brs@admin

ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের যুব সমাবেশ শুরু

News Desk

নিরাপত্তা শঙ্কায় হলো না মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী

rahman himel