রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, এই অভিনেতার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আটকের পর তমাল মাহবুবকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তমাল মাহবুবের বিরুদ্ধে যে অভিযোগ
ডিবির একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির আলো আসবেই নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে আলো আসবেই নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে এসেছিল।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগের সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। একই রাতে বাংলামোটর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমীকেও আটক করেছে ডিবি পুলিশ।
তবে কোন মামলায় তমাল মাহবুবকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।




