বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণায় আবারও কমেছে সোনার দাম। গতকাল বুধবারের পর আজ বৃহস্পতিবারও দাম কমায় টানা সাত দফায় দেশে সোনার দাম কমল ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা। আজ একদিনেই কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা, শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা, শনিবার ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল আরও ২ হাজার ২১৬ টাকা। আজকের কমতি নিয়ে টানা সাত দফায় এই পতন হলো।
সোনার দামে পতনের কারণ
বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। এর পেছনে বৈশ্বিক বাজারে সোনার দরপতনও ভূমিকা রেখেছে। গতকাল আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে সর্বোচ্চ ১৩৭ ডলার, ফলে সোনার দাম এখন ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
আজ সকাল ১০টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৭২৫ ডলার ৪৯ সেন্ট। গত এক মাসে প্রতি আউন্সে দাম কমেছে ২৭০ ডলার, আর গত ছয় মাসে কমেছে ৬৭০ ডলার। আজ দেশে সোনার দাম নেমেছে ১ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে, অথচ নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) দাম বেড়ে ভরি ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।
বাজুস আরও জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির সময় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না।




