পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের বিজেপি নেতা ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাকে উত্তর প্রদেশ ও গুজরাট বানানো হবে, কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যাদের পোষাবে না, তারা বাংলাদেশে চলে যাক।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের অন্তত পাঁচটি এনকাউন্টারে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রসঙ্গেই বুধবার সংবাদমাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক, বিনা ভিসায় পাঠিয়ে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হচ্ছে।
দিলীপ ঘোষ অভিযোগ করেন, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। বিজেপি সরকার সেই সম্ভাবনা নির্মূল করতে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের মডেলে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
বিনা ভিসায় বাংলাদেশে পাঠানোর হুমকিতে বিতর্ক
শুধু এনকাউন্টার নয়, প্রয়োজনে অপরাধ দমনে বুলডোজারও চালানো হবে বলে হুমকি দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ৫০ বছর ধরে গ্রামীণ বাংলায় অপরাধীরা যেভাবে দাপিয়ে বেড়িয়েছে, তা আর বরদাশত করা হবে না; প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না। নারীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিন্দু মা‐বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতোই পরিণতি হবে।
পঞ্চায়েত মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। তাদের মতে, বিচারবহির্ভূতভাবে এভাবে বলপ্রয়োগ করা হলে দেশের বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাবে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ সতর্ক করে বলেন, কোনো এনকাউন্টার বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকে সাধারণ নিয়মে পরিণত করার চেষ্টা হলে তা অত্যন্ত বিপজ্জনক; ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্যে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয়ের বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে প্রায় ২৭ লাখ ভোটারকে বাদ দেওয়ার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে বিজেপি প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। নতুন সরকারের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে চর্চার মধ্যেই এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল।




