BRS TIMES
সিমেন্ট পরিবহনে ৪১০ বৈদ্যুতিক ট্রাক নামাচ্ছে আদানি
অর্থনীতিপ্রচ্ছদ

সিমেন্ট পরিবহনে ৪১০ বৈদ্যুতিক ট্রাক নামাচ্ছে আদানি

ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়।

আদানি গ্রুপের সহযোগী এই প্রতিষ্ঠানটির জন্য এটিই প্রথম বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের উদ্যোগ, যা তাদের টেকসই ও সবুজ পরিবহনযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের মার্চের মধ্যে মোট ৪১০টি বৈদ্যুতিক ট্রাক সিমেন্ট ও ক্লিঙ্কার পরিবহনে ব্যবহৃত হবে। ইতিমধ্যে সাংঘি প্লান্টে এর বাস্তবায়ন শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, এই ৪১০টি ট্রাকের বহর বছরে ২৫ হাজার টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সক্ষম হবে। একই সঙ্গে বছরে প্রায় ১ কোটি ১০ লাখ লিটার ডিজেলের ব্যবহার কমবে।

আরও বড় লক্ষ্যের কথাও জানিয়েছে আদানি সিমেন্ট। ২০৩০ সালের মধ্যে সড়কপথে পণ্য পরিবহনের ১০ শতাংশ বৈদ্যুতিক ট্রাকের মাধ্যমে সম্পন্ন করতে চায় প্রতিষ্ঠানটি।

এ জন্য ২ হাজারের বেশি বৈদ্যুতিক যান মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে চালিত এসব ট্রাক পণ্য পরিবহনে শূন্য নিঃসরণ নিশ্চিত করবে বলে প্রতিষ্ঠানটির দাবি। এতে পরোক্ষ নিঃসরণ (স্কোপ-৩) কমবে এবং নেট-জিরো লক্ষ্যপূরণে সহায়তা মিলবে।

আদানি গ্রুপের সিমেন্ট ব্যবসার প্রধান নির্বাহী বিনোদ বাহেতি বলেন, সাংঘিতে এই উদ্যোগ কেবল শুরু। ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে বৈদ্যুতিক যান চালানোর জন্য ভারতজুড়ে একাধিক রুট চিহ্নিত করা হয়েছে। তাঁর ভাষ্য, প্রতিটি ট্রাক বৈদ্যুতিক হলে প্রতিষ্ঠানের কার্বন পদচিহ্ন কমে এবং ডিজেলের দামের ওঠানামা থেকে পরিবহন ব্যয় সুরক্ষিত থাকে।

তিনি একে স্মার্ট টেকসই উদ্যোগ আখ্যা দিয়ে বলেন, এতে মানুষ, পরিবেশ ও প্রতিষ্ঠানের আর্থিক হিসাব ‐ তিনটিই উপকৃত হবে। তাঁর মতে, এটি আরও সবুজ ও প্রতিযোগিতামূলক সিমেন্ট প্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতির বাস্তব রূপ, যা ভারতের প্রবৃদ্ধিকে সেবা দিবে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে।

প্রতিষ্ঠানের মতে, ভারতের সিমেন্ট খাতে ভারী বৈদ্যুতিক ট্রাকের অর্থনৈতিক যুক্তি এখন নির্ণায়ক মোড়ে পৌঁছেছে। গত এক দশকে ডিজেলের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

এ সময়ে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের খরচ কমেছে প্রায় ৭০ শতাংশ এবং সৌর বিদ্যুতের শুল্ক কমেছে ৪৭ শতাংশ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ডিজেলচালিত ট্রাক প্রতি কিলোমিটারে প্রায় ০.৭৩৭৫ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে। নবায়নযোগ্য শক্তিতে চালালে বৈদ্যুতিক ট্রাক এই নিঃসরণ শতভাগ পর্যন্ত নির্মূল করতে পারে।

বিশ্বে ভারত দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ। বিস্তীর্ণ সরবরাহ ব্যবস্থায় চুনাপাথর, ক্লিঙ্কার ও প্রস্তুত সিমেন্টের পরিবহন এই খাতের অপরিহার্য হলেও অত্যন্ত কার্বন-নিবিড় অংশ। আদানি সিমেন্টের বৈদ্যুতিক ট্রাক উদ্যোগ ব্যয় ও জলবায়ু ‐ উভয় চ্যালেঞ্জের সরাসরি সমাধান দিবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

আদানি সিমেন্ট মূলত আম্বুজা সিমেন্টস এবং এর সহযোগী প্রতিষ্ঠান এসিসি ও ওরিয়েন্ট সিমেন্ট নিয়ে গঠিত। প্রতিষ্ঠানটির মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা বছরে ১১ কোটি ৩৫ লাখ টন।

২০৫০ সালের মধ্যে নেট-জিরো অর্জনের লক্ষ্য রয়েছে তাদের, যার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য সায়েন্স বেসড টার্গেটস ইনিশিয়েটিভ (এসবিটিআই) অনুমোদন করেছে। এর অংশ হিসেবে ১ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ২০২৮ অর্থবছরের মধ্যে ৩৭৬ মেগাওয়াট বর্জ্য তাপ পুনরুদ্ধার ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, তারা পানি-ইতিবাচক ও প্লাস্টিক-নেতিবাচক। বিশ্বে প্রথম সিমেন্ট নির্মাতা হিসেবে তারা অ্যালায়েন্স ফর ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশনে যোগ দিয়েছে।

Related posts

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

brs@admin

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

News Desk

কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News Desk

মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে : আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

ডিএমপির দুই শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল

News Desk

যুদ্ধ বিরতির পর প্রথম ভাষণে যা বললেন খামেনি

brs@admin