BRS TIMES
কারখানা বন্ধের সিদ্ধান্তে অসন্তোষ বাড়বে - শ্রমিকনেতারা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

কারখানা বন্ধের সিদ্ধান্তে অসন্তোষ বাড়বে – শ্রমিকনেতারা

তৈরি পোশাকশিল্পে শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ করা হলে তা শ্রমিকদের মধ্যে অসন্তোষের উসকানি দেওয়ার মতো হবে বলে মনে করছেন শ্রমিকনেতারা। তাঁদের বক্তব্য, আন্দোলন এখন এক-দুটি জায়গায় সীমাবদ্ধ, তাই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখা জরুরি।

শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথ সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ।

নেতারা বলেন, মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের কাজ এখন চলছে। এই অবস্থায় কারখানা বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া হলে বোর্ডের আলোচনা ব্যাহত হবে এবং শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।

তাঁরা মজুরি বোর্ডকে আলোচনার জন্য সময় দিতে এবং পোশাকশ্রমিকদের কারখানায় কাজে ফেরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা বলেন, ‘ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন। ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোনো পদক্ষেপ নেবেন না।

এদিকে আগামীকাল শনিবার তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা করবে।

ওই সভায় মালিকপক্ষ সিদ্ধান্ত নিতে পারে, যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ করা হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনায় না যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

ইতিমধ্যে সাভার ও আশুলিয়ায় সাতটি কারখানা এই ধারায় বন্ধ করেছেন মালিকরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ও গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।

শনিবারের বিজিএমইএর সভায় কী সিদ্ধান্ত হয়, তার ওপর নির্ভর করছে পোশাকশিল্পের পরিস্থিতি কোন দিকে যাবে।

Related posts

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

brs@admin

বাংলাদেশি পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

News Desk

ডেঙ্গু ঠেকাতে বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

News Desk

কাউখালী সেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

News Desk

বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

brs@admin

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

News Desk