এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। শুক্রবার বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়েছে তারা।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সোনারগাঁও। তবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় সংগ্রহ গড়ে ইউল্যাব। নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২০৫ রান তোলে দলটি।
ফারহান জানির সেঞ্চুরি
ইউল্যাবের জয়ের নায়ক ফারহান জানি। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত একাই সোনারগাঁওয়ের বোলারদের ওপর আধিপত্য ধরে রাখেন তিনি। ৬১ বলে অপরাজিত ১০৯ রান করেন তিনি, যার মধ্যে ছিল ১১টি ছক্কা ও ৩টি চার। ১৯তম ওভারের চতুর্থ বলে বল সীমানা ছাড়া করতেই তিন অঙ্কের ঘরে পৌঁছান ফারহান। ইনিংসের এক পর্যায়ে পরপর তিন বলে তিনটি ছক্কাও হাঁকান তিনি।ফারহান জানির সেঞ্চুরি
উদ্বোধনী জুটিতে ফারহানের সঙ্গে ৯৩ রান যোগ করেন অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস। দুটি ছক্কা ও তিনটি চারে ৩৬ রান করে ফেরেন তিনি। তিন নম্বরে নামা জাকিরুল আহমেদ করেন ২৭ রান, আর মারাজ মাহবুব নিলয় ২৬ রানে অপরাজিত থাকেন।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সোনারগাঁও। ইনিংসের শুরুর দিকে মাত্র ৩৩ রানের মধ্যেই ছয় ব্যাটার ফিরে যান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
ইয়াসিন ভূঁইয়া ও আসিফ হাসানের ব্যাটে শেষ পর্যন্ত ১৫২ রান তোলে সোনারগাঁও। দলের হয়ে সবচেয়ে বেশি ৪৮ রান করেন ইয়াসিন ভূঁইয়া, আসিফ হাসান করেন ২৯।
বল হাতে ইউল্যাবের সেরা ছিলেন আরিফুর রহমান। চার উইকেট নেন তিনি। শরীফুল ইসলামের শিকার তিনটি।
পুরো আসরেই অপরাজিত ছিল ইউল্যাব। গ্রুপ পর্বের চারটি ম্যাচেই জিতেছিল দলটি। প্রথম সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৮১ রানে হারিয়ে ফাইনালে ওঠে তারা। ওই ম্যাচে ইউল্যাব ১৮৪ রান করার পর ফারইস্ট ১৬.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা হন জাকিরুল আহমেদ।
আনভীর বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় এবারের এবিজি ইউনিভার্সিটি কাপ। বিকেল ৪টায় শুরু হওয়া ফাইনালটি সরাসরি সম্প্রচার করে টি স্পোর্টস। ফাইনালে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার।




