রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ককটেল, জাল টাকা ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, লালবাগ বিভাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে তিনটি তাজা ককটেল, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল। এ ছাড়া ১ হাজার টাকা মূল্যমানের ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।




