ডুবে যাওয়ার ১১৪ বছর পর নিলামে উঠছে টাইটানিকের মূল কাঠামোর বিমার নথি। এটাই জাহাজটির একমাত্র প্রকাশিত বিমার নথি।
যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজ শহরে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামের একটি প্রতিষ্ঠান নথিটি নিলামে তুলছে। আগামী ২১ নভেম্বর এই নিলাম হবে।
টাইটানিকের বিমার নথিতে যা যা আছে
নথি অনুযায়ী, জাহাজটির ইস্পাতের কাঠামোর জন্য বিমা করা ছিল ১ লাখ ডলারের। বর্তমান বাজারমূল্যে এর পরিমাণ প্রায় ৩৫ লাখ ডলারের সমান।
টাইটানিকের অন্যতম প্রধান বিমাকারী ছিল আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি। বিমার নথিতে সই করা হয় ১৯১২ সালের ২৭ মার্চ, মেয়াদ ছিল এক বছর, কার্যকর হওয়ার কথা ছিল ৩০ মার্চ থেকে।
নথিটি টাইপরাইটারে লেখা। এর নিচে কালো কালিতে হাতে একটি অতিরিক্ত শর্ত যুক্ত রয়েছে, যেখানে বেলফাস্ট থেকে সাউদাম্পটনের যাত্রা ও পরীক্ষামূলক ঝুঁকিও বিমার আওতায় রাখা হয়।
এর মাত্র ১৯ দিন পর সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথম সমুদ্রযাত্রায় হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় আরএমএস টাইটানিক। প্রাণ হারান জাহাজে থাকা দেড় হাজারের মতো মানুষ।
ইতিহাসের অন্যতম আলোচিত এই জাহাজডুবির ৩০ দিনের মধ্যেই বিমার নির্ধারিত অর্থ পরিশোধ করা হয়েছিল বলে জানা গেছে।
নিলামকারী প্রতিষ্ঠানটির ভাষ্য, টাইটানিকের মূল বিমার কোনো নথি এর আগে নিলামে বিক্রি হয়েছে বলে তাদের জানা নেই। নিলামে নথিটির দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।




