BRS TIMES
ডিসেম্বরে ফেরার প্রস্তুতি ‐ পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

ডিসেম্বরে ফেরার প্রস্তুতি ‐ পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেলেন শেখ হাসিনা। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক আবেদন করেছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী।

সোমবার তাঁর পক্ষে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারসের আইনজীবী স্টিভেন পাওলস কেসি ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দেন। ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর ঢাকার সঙ্গে এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।

হাসিনার পাসপোর্ট আবেদন খতিয়ে দেখছে ঢাকা

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তিতে দ্রুত নতুন নথি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

হাসিনা আগেই রয়টার্সকে বলেছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তাঁর সহযোগীদের ভাষ্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। ঘনিষ্ঠ সহযোগী আবু ওবাইদা আরিনের মতে, নথি ফিরে পাওয়া তাঁর নাগরিক অধিকার ফিরে পাওয়ারই প্রশ্ন।

তবে পাসপোর্ট মিললেই তাঁর ফেরা নির্বিঘ্ন হবে, এমনটা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। দেশে ফিরলে গ্রেফতার হয়ে সাজা কার্যকরের মুখে পড়তে পারেন তিনি।

হাসিনা বলেছেন, গ্রেফতার বা মৃত্যুর ভয় তাঁকে থামাতে পারবে না, মরতে হলে নিজের দেশের মাটিতেই মরতে চান তিনি। তাঁর এই আবেদনে হাইকমিশন ও প্রধানমন্ত্রীর কার্যালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

ঢাকার অবস্থান অবশ্য আগের জায়গাতেই অনড়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর ৫ নভেম্বর বলেছিলেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকায় হাসিনাকে ফেরত আনতে পাসপোর্টের প্রয়োজন নেই, সরকার তাঁকে হস্তান্তরের মাধ্যমেই ফেরত চায়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের আমল পেরিয়ে এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়। এই প্রেক্ষাপটে তাঁর আবেদনে ঢাকা কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Related posts

৭ নভেম্বরের কর্মসূচি নিয়ে মাউশির জরুরি চিঠি

rahman himel

বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

brs@admin

পিরোজপুর পৌরসভার অনুন্নত সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব

brs@admin

দ. কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে গুলি চালানোর অভিযোগ উ. কোরিয়ার

News Desk

‘দুই-তিন বছর চুক্তি সইয়ের অপেক্ষা নয়—আমরা দ্রুত বাস্তবায়ন চাই’ – চীনা রাষ্ট্রদূত

brs@admin

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

News Desk