ডেসকো এলাকার প্রি-পেইড মিটার গ্রাহকদের মিটারে পর্যাপ্ত টাকা রাখার পরামর্শ দিযেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।
প্রি-পেইড মিটারে কেন এই সতর্কতা
ডেসকো জানিয়েছে, সিস্টেম আপগ্রেডের কারণে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে।
তবে এই সতর্কতা সব গ্রাহকের জন্য নয়। যেসব মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, শুধু সেসব মিটারের গ্রাহকদের ক্ষেত্রেই এই বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে ডেসকো।
ডেসকো বলছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না। মিটারে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে এই সময়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো আশঙ্কা নেই।
নির্দিষ্ট কোনো অঙ্কের কথা বলা হয়নি। তবে বৃহস্পতিবার রাত ১০টার আগেই প্রয়োজন অনুয়ায়ী রিচার্জ করে রাখতে বলা হয়েছে, বিশেষ করে বাসা, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের গ্রাহকদের।
যেকোনো প্রয়োজনে ডেসকোর হেল্পলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




