এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সাধারণ ভোক্তাদের স্বার্থ উপেক্ষা করেছে।
১১ মাসে সিলিন্ডারপ্রতি বেড়েছে ৭৫৪ টাকা
গত ২ নভেম্বর বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। চলতি বছরের জানুয়ারিতে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। অর্থাৎ মাত্র ১১ মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৭৫৪ টাকা, প্রায় ৫৮ শতাংশ।
সাইফুল হক বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, বিদ্যুৎ, পরিবহন ও চিকিৎসা ব্যয়ের চাপে সাধারণ মানুষের জীবন এমনিতেই দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে এলপিজির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে বিপর্যয় তৈরি করবে। বাসাবাড়ি ছাড়াও হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায় এলপিজি ব্যবহৃত হওয়ায় খাদ্যপণ্য ও সেবার উৎপাদন ব্যয়ও বাড়বে।
তাঁর অভিযোগ, নতুন মূল্য কাঠামোয় সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের কমিশন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, আর সেই বাড়তি ব্যয়ের বোঝা চাপানো হয়েছে ভোক্তাদের ওপর। ব্যবসায়ীদের মুনাফা ও কমিশন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হতে পারে না। রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনগণের স্বার্থ ও ক্রয়ক্ষমতা রক্ষা করা।
সাইফুল হক অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার, ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপানো বন্ধ এবং বাজারে কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছ ও যৌক্তিক মূল্য নির্ধারণের আহ্বান জানান তিনি।




