সরকারের ব্যর্থতা আর অব্যবস্থাপনায় দেশ কঠিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এই বক্তব্য জানানো হয়।
এবি পার্টির জাতীয় ঐক্যের আহ্বান
মঞ্জু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামাল দিতেও ব্যর্থ হয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
ব্যাংক খাত কিংবা শেয়ারবাজারে দৃশ্যমান কোনো উন্নতি নেই বলেও মন্তব্য করেন তিনি। বেতনকাঠামো নিয়ে পোশাক খাতে চলা অসন্তোষ অন্য পেশায়ও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এবি পার্টির চেয়ারম্যান। শ্রমিক রপ্তানি খাতও নতুন সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানান মঞ্জু। আওয়ামী ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে এই ঐক্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দল যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।




