ছোট পর্দার জনপ্রিয় মুখ পারসা ইভানা নাটকের কাস্টিং প্রক্রিয়ায় পেশাদারত্ব চান। শেষ মুহূর্তে শিল্পী বদলে যাওয়ার মতো ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্টে বিষয়টি তুলেছেন তিনি।
গত ২৯ অক্টোবর দেওয়া ওই পোস্টে ইভানা লেখেন, মাঝে মাঝে শুটিংয়ের ঠিক আগমুহূর্তে প্রযোজকেরা শিল্পীকে বাদ দেন। এতে শিল্পীকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সোমবার তিনি জানান, পাশের দেশের একটি পডকাস্টে জ্যেষ্ঠ শিল্পীদের খোলামেলা আলোচনা দেখেই পোস্টটি করার কথা ভেবেছেন তিনি।
ইভানা বলেন, তার নিজের সঙ্গেও এমন হয়েছে। বলা হয়েছে, আমাকেই লাগবে, চরিত্রটা আমার জন্যই লেখা। শেষ মুহূর্তে প্রযোজক বা অন্য কারও আপত্তিতে কাস্টিং বদলে গেছে। তার ভাষায়, বিষয়টি খুবই বিরক্তিকর।
‘ব্যাচেলর পয়েন্ট’এর ইভা চরিত্র বদলে দেয় জীবন

কাউকে ব্যক্তিগত আক্রমণ করা তার উদ্দেশ্য নয় বলে স্পষ্ট করেছেন ইভানা। তিনি চান নির্মাণ ও কাস্টিংয়ে আরেকটু সচেতনতা। গল্পের দিক থেকে বাংলাদেশের নাটক বেশ শক্তিশালী বলেও মনে করেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের এক মৌসুমে ইভা চরিত্রে অভিনয় বদলে দিয়েছে তার জীবন, এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। দর্শক এখনো তাকে ওই চরিত্রে ফিরতে অনুরোধ করেন। এখন কোনো অনুষ্ঠানে গেলে হাজারো মানুষ তাকে দেখতে আসেন।

সিনেমায় অভিনয়ের স্বপ্ন থাকলেও এখনো প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইভানা। এমন চিত্রনাট্য ও চরিত্র চান, যেখানে নিজের কিছু দেওয়ার থাকবে। সম্প্রতি ‘মিস্টার বাদল’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। গত সাত-আট মাসে পাঁচটি নাটকের শুটিং করেছেন তিনি।




