ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব দলগুলোকে বাদ দিয়েই সরকার গঠন করতে চান। সোমবার তিনি জানিয়েছেন, নিজের নেতৃত্বে একটি বৃহৎ জাতীয় সরকার গঠনে তিনি রাজি, তবে আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠন করবেন না।
গত ২৭ অক্টোবরের নির্বাচনের চূড়ান্ত ফলে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, যার মধ্যে তার দল লিকুদ এককভাবে ২৭টি। সরকার গঠনে দরকার ৬১টি আসন। আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আর আরব নেতৃত্বাধীন দলগুলো ১৯টি আসন।
নেতানিয়াহুর অভিযোগ, আরব দল রা’আম ও যৌথ তালিকা সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে মানে না। তাই তাদের সমর্থন নিয়ে সরকার গঠনের প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন তিনি।
বিরোধীরাও নেতানিয়াহুর সঙ্গে যেতে নারাজ
অন্যদিকে চারটি জায়নবাদী বিরোধী দলের সবাই নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। মঙ্গলবার হার্জলিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে বিরোধী নেতাদের।
এ ছাড়া লিকুদ নির্বাচনের ফল প্রত্যয়ন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিদেশি হস্তক্ষেপ ও জালিয়াতির অভিযোগ তুলে। শেষ পর্যন্ত সরকার গঠন না হলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাবেন নেতানিয়াহু, আগামী বছর আবার নির্বাচনের সম্ভাবনাও রয়েছে।




