31.7 C
Bangladesh
Thursday, October 29, 2026
BRS TIMES
ইসরায়েল নির্বাচন ২০২৬: নেতানিয়াহু
আন্তর্জাতিক

ইসরায়েলে ঝুলন্ত পার্লামেন্ট: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু

জেরুজালেম, ২৯ অক্টোবর: ইসরায়েল নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবু আপাতত তাঁর গদি নড়ছে না। ভোটের ফল অমীমাংসিত থাকায় তিনিই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। কোনো কোনো খবরে এই হার ৯০ শতাংশ বলা হয়েছে। দেশটির প্রধান তিনটি সম্প্রচারমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট পেতে পারে ৫৩টি আসন। এই জোটে আছে ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি রক্ষণশীল ধর্মীয় দলগুলো।

অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যাচ্ছে ৪৮টি আসন। সংখ্যার হিসাবে এগিয়ে নেতানিয়াহুই। কিন্তু সরকার গঠনের অঙ্কটা এখানেই আটকে যাচ্ছে।

ইসরায়েল নির্বাচন

এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ফল। পূর্বাভাস বলছে, তারা ১৯টি আসন পেতে যাচ্ছে, যা নজিরবিহীন। আইজেনকটের পক্ষে এই দলগুলোর ব্যাপক সমর্থন ছাড়া সরকার গঠন কার্যত অসম্ভব। অথচ ইসরায়েলের বহু ইহুদি রাজনৈতিক নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোটে যেতে নারাজ। দেশটি প্রতিষ্ঠার পর থেকে এই অনীহা চলে আসছে। এর আগে যে জোট নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়েছিল, সেটিও টিকেছিল একটি ছোট আরব দলের সমর্থনের ওপর।

ফল প্রকাশের পর তেল আবিবে নিজের দল ইয়াশারের সদর দপ্তরে কর্মীদের সামনে বক্তব্য দেন আইজেনকট। তিনি মেনে নিয়েছেন, নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন। তবে সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে নিরাপত্তা ইস্যু ব্যবহার করতে পারেন। নিরাপত্তা সংস্থার প্রধান ও সরকারি কর্মকর্তাদের প্রতি তাঁর আহ্বান, যেকোনো চাপের মুখে দৃঢ় থাকতে হবে। তাঁর ভাষায়, নেতানিয়াহুর হাতে এখন জনগণের রায় বা আস্থা কোনোটাই নেই।

নতুন জোট গঠনের আলোচনা চলবে। পরিস্থিতি অনুযায়ী আগামী বছর আবার নির্বাচনও হতে পারে। ততদিন নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো গাই লুরি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের সমান ক্ষমতা ভোগ করে। তবে কিছু ক্ষেত্রে সংযমের বাধ্যবাধকতা থাকে, সিদ্ধান্তের পরিধিও কিছুটা সংকুচিত হয়। যদিও ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা তাদের থাকবে বলেই মনে করা হচ্ছে।

এবার ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের মধ্যে ভোট দেওয়ার হার ছিল বিশেষভাবে বেশি। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি এই জনগোষ্ঠীর মানুষ। ফল প্রকাশের পর জয়েন্ট লিস্টের সদর দপ্তরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলটির প্রার্থী ফাতেন গাত্তাস বলেন, তাঁরা দখলদারত্ব ও বর্ণবাদ প্রত্যাখ্যান করেন এবং এখানেই থাকবেন।

ভোট গণনা এখনো চলছে। তাই শেষ ফলে কিছুটা বদল আসতেই পারে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, সরকার গঠনের চাবি এখন আরব দলগুলোর হাতে। আর সেই চাবি ঘোরাতে গিয়ে ইসরায়েলের রাজনীতিতে পুরোনো অস্বস্তিটা আবার সামনে চলে এসেছে।

Related posts

যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

brs@admin

১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

ইরানের আদালত ভবনে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত

News Desk

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত; দ্য টেলিগ্রাফ

News Desk

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

News Desk

চুক্তি না হলে ভারতের রপ্তানিতে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

News Desk
Translate »