33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই আলজারি জোসেফ, বিশ্রামে শাই হোপ
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই আলজারি জোসেফ, বিশ্রামে শাই হোপ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। অন্যদিকে, বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে ক্যারিবীয় দলের অধিনায়ক শাই হোপকে। তবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। লাল বলের ক্রিকেটে শারীরিক চাপ ও চোটের ঝুঁকি বিবেচনায় তাঁর কাজের চাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোসেফের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে সীমিত ওভারের ক্রিকেটে জোসেফের খেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। টেস্ট ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে তিনি চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। তাঁর পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল।

এ নিয়ে টানা দ্বিতীয় টেস্ট সিরিজে খেলতে পারছেন না জোসেফ। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি। সে সময় ব্যক্তিগত কারণের কথা জানানো হলেও পরে প্রধান কোচ ড্যারেন স্যামি দাবি করেছিলেন, জোসেফ টেস্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে একটি ক্রীড়া অনুষ্ঠানে কোচের ওই মন্তব্যকে ‘বিতর্কিত’ ও ‘প্রেক্ষাপটবিহীন’ বলে পাল্টা জবাব দিয়েছিলেন এই পেসার।

এদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজে চোটের কারণে খেলতে পারেননি তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কেভিন উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে টানা তিন ইনিংসে ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রান করেন তিনি। প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন এই ব্যাটার। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর সংগ্রহ ছয়টি সেঞ্চুরি।

শাই হোপকে বিশ্রাম দেওয়ার বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, তিন সংস্করণে টানা খেলার পর তাঁর শারীরিক সুস্থতা ও কাজের চাপ বিবেচনায় নেওয়া হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে তাঁকে সতেজ রাখার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে থাকছেন কেমার রোচ, জেইডেন সিলস ও শামার জোসেফ। তাঁদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন কিমো পল ও জাস্টিন গ্রিভস। স্পিন বিভাগে আছেন জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ। অলরাউন্ডার কাভেম হজ এবং অধিনায়ক রোস্টন চেজও স্পিন আক্রমণে ভূমিকা রাখবেন।

সফরে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দল:

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

Related posts

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান

brs@admin

বসন্তের আগমনে সেজেছে সুনামগঞ্জের শিমুলবাগান

News Desk

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে আজ পালিত হচ্ছে ঈদ

brs@admin

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

News Desk

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

brs@admin

প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : শাহবাজ শরিফ

brs@admin
Translate »