BRS TIMES
ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর-রশিদুজ্জামান মিল্লাত
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ত্রিশালে বিশ্বমানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা: বিমানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে বিশ্বমানের নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ঢাকার তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর আগামী ১০ বছর বিমান চলাচলের চাহিদা মেটানো সম্ভব হবে। এরপর দেশের জন্য বিশ্বমানের আরেকটি বিমানবন্দর প্রয়োজন হবে। সেই বিমানবন্দরটি যাতে ময়মনসিংহের ত্রিশালে নির্মাণ করা যায়, সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন তিনি।

একই সঙ্গে দেশের বিমান বহরে ২০০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং নতুন রুট চালুর সুযোগ তৈরি হবে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের একটি হোটেলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

বিমান বহরে ২০০ উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা

বিমানমন্ত্রী বলেন, উড়োজাহাজ কেনার বিষয়ে বিরোধীদলসহ বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হচ্ছে। তবে নতুন উড়োজাহাজ সংগ্রহের ক্ষেত্রে সময়ের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০৩১ সাল থেকে নতুন উড়োজাহাজ আসা শুরু হবে। এ সময়ের মধ্যে বর্তমানে ব্যবহৃত অনেক উড়োজাহাজ অবসরে চলে যেতে পারে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখতে বড় উড়োজাহাজ বহর গড়ে তোলা প্রয়োজন। এ জন্য কমপক্ষে ২০০টি উড়োজাহাজের বহর তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কানাডা, চীনসহ বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ধাপে ধাপে উন্নয়ন হবে ময়মনসিংহ বিভাগের

ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ বিভাগের উন্নয়ন ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। এ জন্য সময় ও ধৈর্য প্রয়োজন। পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি নির্দেশনা দিয়েছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মেধার ভিত্তিতে ফলাফল নিশ্চিতের আশ্বাস

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সরকার দায়িত্বে থাকাকালে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ফলাফল পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

ময়মনসিংহে সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধাসম্পন্ন একটি তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। সেখানে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুবিধা ও বিনোদনের ব্যবস্থা থাকবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ ধরনের তথ্য কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং ফ্লাইওভার নির্মাণের বিষয়েও বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, আবু ওয়াহাব আকন্দ, লুৎফুল্লাহেল মাজেদ, মসিকের নির্বাহী প্রধান সুমনা আল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য দেন।

পরে অতিথিরা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানটির দ্বিতীয় অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related posts

৬ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি

News Desk

আ.লীগের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার

News Desk

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

News Desk

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে : সালাহউদ্দিন

News Desk

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম

News Desk

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

rahman himel