আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে আফগানিস্তান ক্রিকেট দল।
আজ আনুষ্ঠানিকভাবে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে এখনো ম্যাচগুলোর ভেন্যু ও সময় চূড়ান্ত করেনি এসিবি।
আফগানিস্তান নিজেদের হোম ভেন্যু হিসেবে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে থাকে।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে আফগানিস্তানের সফর। আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে টেস্টটি।
এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ১৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাঠে নামবে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের।
১৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ২১ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে খেলবে।
ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর।
৫ নভেম্বর থেকে প্রথম টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৩ নভেম্বর।
সূচি এক নজরে
বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট
৯-১৩ অক্টোবর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে
২১ অক্টোবর: বাংলাদেশ-আফগানিস্তান
২৩ অক্টোবর: ফাইনাল
আফগানিস্তান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ
২৭ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি
২৯ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি
১ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি
আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ
৫-৯ নভেম্বর: প্রথম টেস্ট
১৩-১৭ নভেম্বর: দ্বিতীয় টেস্ট




