ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এই সংঘাতের অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।
ইলিনয় থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ডাকওয়ার্থ সিনেটের সশস্ত্র বাহিনী কমিটির সদস্য এবং নিজে একজন যুদ্ধাহত সাবেক সেনা কর্মকর্তা। তিনি দাবি করেছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রতিটি মার্কিন পরিবারকে পেট্রল ও ডিজেলে ১ হাজার ২০০ ডলারের বেশি বাড়তি খরচ করতে হয়েছে। তাঁর ভাষায়, এই যুদ্ধ অবৈধ এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হয়েছে।
ইরান যুদ্ধের বাজেট বন্ধে ডাকওয়ার্থের শর্ত
ডাকওয়ার্থ ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানের অর্থায়ন বন্ধের সংশোধনী না থাকলে কোনো সরকারি অর্থায়ন প্যাকেজে তিনি ভোট দেবেন না। কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন না পাওয়া পর্যন্ত এই অর্থায়ন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে। সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড, এলিজাবেথ ওয়ারেন ও অ্যাঞ্জেলা আলসোব্রুকসও এই সংশোধনী এগিয়ে নিচ্ছেন।
সংশোধনীতে যুদ্ধ মন্ত্রণালয়কে যুদ্ধের প্রভাব নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে ‐ সামরিক প্রস্তুতি ও মার্কিন সেনাসদস্যদের ওপর এই যুদ্ধের কী প্রভাব পড়ছে, তা জানাতে হবে। গিলিব্র্যান্ড বলেছেন, কংগ্রেসের অর্থের ক্ষমতা ব্যবহার করেই ট্রাম্পের পররাষ্ট্রনীতির এই বিশৃঙ্খলা থামানো দরকার।
এর আগে ১৯ নভেম্বর সিনেটে যুদ্ধক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ৫১-৪৮ ভোটে ব্যর্থ হয়। জরিপ অনুযায়ী মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের পক্ষে। এমনকি কয়েকজন রিপাবলিকান সিনেটরও যুদ্ধ সীমিত করার পক্ষে ভোট দিয়েছেন, আর সিনেটর জশ হাউলি বলেছেন, যুদ্ধ শেষ করার সময় এসেছে।

