33.5 C
Bangladesh
Tuesday, September 8, 2026
BRS TIMES
ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা-হেনস্তার অভিযোগ
প্রচ্ছদবিনোদন

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা-হেনস্তার অভিযোগ

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা-হেনস্তার অভিযোগ । তাঁর দাবি, মেস্ত্রে শহরের একটি পার্কে ভাই ও পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর শরীরে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয় এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁর হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিওবার্তা ও লাইভে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পরে হামলার কয়েকটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন অভিনেত্রী।

উল্লেখ্য, ভিডিওটি অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা-হেনস্তার অভিযোগ
ফেসবুক লাইভে আজমেরী হক বাঁধন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার অভিযোগ

বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও সরাসরি সম্প্রচারের চেষ্টা করা হয়।

প্রকাশিত ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে বাঁধনের দিকে তেড়ে যেতে, তাঁর সঙ্গে ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাঁদের কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলেও আখ্যা দিতে শোনা যায়।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি এসে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন। তাঁর শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারায় তিনি পুরোপুরি ভিজে যান বলেও জানান অভিনেত্রী।

বাঁধনের দাবি, তাঁর ওপর হাত তোলা হয়েছে এবং কানের পাশেও আঘাত করা হয়েছে। তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়।

সঙ্গে থাকা শিশুকেও নিয়ে উত্তেজনা

ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তানও তাঁদের সঙ্গে ছিল। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। এ সময় একজনকে শিশুটিকে নিয়েও আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় এবং বাঁধনকে ‘জয় বাংলা’ বলতে হবে বলে চাপ দিতে দেখা যায়।

ঘটনাটি নিয়ে বাঁধন বলেন, তাঁর সঙ্গে যা ঘটেছে, তা শুধু তাঁকে নয়, বিদেশের মাটিতে বাংলাদেশের একজন প্রতিনিধিত্বকারী শিল্পীকেও হেনস্তার ঘটনা।

‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না’

হামলার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, তাঁকে ভয় দেখিয়ে বা এ ধরনের আচরণের মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয়।

তিনি বলেন, তাঁর গায়ে হাত তোলা হয়েছে এবং তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।

হামলাকারীদের উদ্দেশে বাঁধন আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এ ধরনের অসংলগ্ন ও আক্রমণাত্মক আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল।

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আজমেরী হক বাঁধন বর্তমানে ইতালিতে রয়েছেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি।

৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে চারটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।

ভেনিস উৎসবে সিনেমাটির প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি বর্তমানে মেস্ত্রে শহরে অবস্থান করছেন বাঁধন। সেখানেই ভাই ও তাঁর পরিবারের সঙ্গে বাইরে বের হওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তিনি।

জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন বাঁধন

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। আন্দোলনের পক্ষে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও কথা বলেছেন তিনি।

এ কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। তবে হামলার অভিযোগে যাঁদের কথা বলেছেন, তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভিডিওবার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি জানান, জয়ও ভেনিসে আছেন বলে তিনি জেনেছেন এবং ঘটনাটি তাঁর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

ঘটনার বিষয়ে বাঁধনের প্রকাশ করা ভিডিওগুলোতে হামলার সময়কার উত্তেজনাকর পরিস্থিতির কিছু অংশ দেখা গেলেও পুরো ঘটনার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Related posts

লুকানো নয়, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন উপহার দিতে চাই

News Desk

চলতি মাসেই ধাপে ধাপে ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

News Desk

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ

News Desk

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৮৭ জন গ্রেপ্তার

brs@admin

নতুন মামলায় পলকসহ গ্রেফতার ৪

News Desk
Translate »