BRS TIMES
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায়

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বলটি এবার নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪১ কোটি টাকারও বেশি।

টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার (২২ আগস্ট) বলটি বিক্রি করে। নিলাম শুরুর আগে প্রতিষ্ঠানটি আশা করেছিল, বলটির দাম এক কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার অর্ধেকেরও কম দামে এটি বিক্রি হয়।

বলটি ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা মডেলের। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে ম্যারাডোনা দুটি গোলই করেছিলেন।

ম্যাচের ৫১তম মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ে উঠে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারি আলি বিন নাসের ঘটনাটি ঠিকভাবে দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। পরে ম্যারাডোনা এই গোলকে মজা করে ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের’ মিশ্রণ বলে বর্ণনা করেছিলেন। সেখান থেকেই বিখ্যাত হয়ে যায় ‘হ্যান্ড অব গড’ নামটি।

এর মাত্র চার মিনিট পর ম্যারাডোনা করেন ম্যাচের দ্বিতীয় গোলটি। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেন তিনি। গোলটি পরে ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে নির্বাচিত হয়।

ঐতিহাসিক ওই ম্যাচের বলটি দীর্ঘদিন নিজের কাছে রেখেছিলেন ম্যাচের তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের। ২০২২ সালে প্রথমবার নিলামে তোলা হলে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়। পরে ২০২৩ সালে আবার নিলামে তোলা হলেও নির্ধারিত মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি।

এবার নতুন করে নিলামে তোলার পর ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে বিক্রি হলো ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচের এই বল।

তবে ম্যারাডোনার সেই ম্যাচের স্মারক হিসেবে বিক্রি হওয়া সবচেয়ে দামি জিনিস এটি নয়। ২০২২ সালে সোথবিজের নিলামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পরা ম্যারাডোনার জার্সি বিক্রি হয়েছিল ৯৩ লাখ ডলারে, যা সে সময় ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর জন্য রেকর্ড তৈরি করেছিল।

Related posts

সরকারকে আলোচনায় বসার আহবান জামায়াতের

News Desk

ভক্তদের আলোচনায় কিং খানের নতুন ‘কিং’ সিনেমার লুক

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

News Desk

সিলেটে টিলা ধসে ৪ জনের মৃত্যু

brs@admin

মোংলায় যুবলীগ নেতা আটক

News Desk
Translate »