রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আরও ১২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও ছোটপর্দার অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল ওরফে তমাল মাহবুব। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গ্রেপ্তার ১২৪ জনের মধ্যে ১৫ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে, বাকি ১০৯ জনের বিষয়ে তথ্য দেওয়া হয়নি।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বারিধারা ডিওএইচএস থেকে দোলনকে গ্রেপ্তার করে এসআরবি-১ এর সদস্যরা। তাঁর বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে। একই রাতে আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তাঁরা গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন।
অভিযানে আরও ১২৪ জন গ্রেপ্তার, রিমান্ডে দুজন
ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য দোলনের সাত দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. সেলিম রেজা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
ডিএমপি জানায়, বিশেষ অভিযানে ওই ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৪ জন রয়েছেন। অভিযানে ককটেল ও মাদকসহ বিভিন্ন দ্রব্য জব্দ করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও একই ধরনের অভিযানে রাজধানী থেকে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত। তাঁদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ নিয়মিত মামলার আসামি রয়েছেন, অনেকে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও জড়িত বলে অভিযোগ পুলিশের।




