বলিউডের ইতিহাসে মাত্র ছয়টি সিনেমা পরিচালনা করেই কিংবদন্তি বনে গেছেন রাজকুমার হিরানি, যাঁর প্রতিটি ছবিই হয়েছে বক্স অফিসে হিট আর জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। আজ ২০ নভেম্বর এই পরিচালকের ৬৪তম জন্মদিন। জন্মদিনে ফিরে দেখা তাঁর সেরা ৬ সিনেমা।
১৯৬২ সালের ২০ নভেম্বর ভারতের নাগপুরে এক সিন্ধি পরিবারে জন্ম রাজকুমার হিরানির। বাবা সুরেশ হিরানি চেয়েছিলেন ছেলে হোক প্রকৌশলী কিংবা হিসাবরক্ষক, কিন্তু হিরানির মন পড়েছিল অভিনয়ে। শেষ পর্যন্ত পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে তিনি পড়েন চলচ্চিত্র সম্পাদনা।
সম্পাদক হিসেবেই শুরু হয় তাঁর ক্যারিয়ার। ফেভিকলের বিখ্যাত জোর লাগাকে হাইশা বিজ্ঞাপনটি পরিচালনা করে নজর কাড়েন তিনি। ১৯৪২: আ লাভ স্টোরি ও মিশন কাশ্মীর ছবির ট্রেলার সম্পাদনার কাজও করেন হিরানি। এরপর ২০০৩ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর।
হিরানির সেরা ৬ সিনেমা এক নজরে
প্রথম ছবি মুন্না ভাই এমবিবিএস দিয়েই বাজিমাত করেন হিরানি। চিকিৎসক হতে চাওয়া এক গুন্ডার গল্পে সঞ্জয় দত্তের অভিনয় আর হাস্যরসের মোড়কে মানবিক বার্তা ছবিটিকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। এই ছবি দিয়েই জন্ম নেয় বলিউডের অন্যতম প্রিয় চরিত্র মুন্না ভাই।
মুন্না ভাই চরিত্রের দ্বিতীয় ছবি লাগে রহো মুন্না ভাইয়ে হিরানি তুলে ধরেন গান্ধীবাদ। মহাত্মা গান্ধীর আদর্শকে আধুনিক জীবনে প্রয়োগের গল্প এতটাই জনপ্রিয় হয় যে গান্ধীগিরি শব্দটাই ঢুকে যায় দৈনন্দিন ভাষায়। ছবিটি পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
শিক্ষাব্যবস্থার চাপ আর সাফল্যের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা থ্রি ইডিয়টস হিরানির সবচেয়ে সফল ছবি। আমির খান অভিনীত র্যাঞ্চো চরিত্রটি হয়ে ওঠে এক প্রজন্মের প্রেরণা। মুক্তির পর ছবিটি ভেঙে দেয় ভারতীয় সিনেমার আগের সব আয়ের রেকর্ড।
ধর্মান্ধতা ও কুসংস্কার নিয়ে ব্যঙ্গ করা পিকে হিরানির সবচেয়ে বিতর্কিত অথচ সফল ছবিগুলোর একটি। ভিনগ্রহের প্রাণী হয়ে পৃথিবীতে আসা আমির খানের চরিত্রটি ধর্মের নামে চলা ভণ্ডামি নিয়ে তোলে একের পর এক প্রশ্ন। ছবিটি বিশ্বজুড়ে আয় করে রেকর্ড পরিমাণ অর্থ।
অভিনেতা সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি সানজু হিরানির একমাত্র বায়োপিক। রণবীর কাপুরের অসাধারণ অভিনয়ে ছবিটি সমালোচক ও দর্শক দুই পক্ষেরই প্রশংসা পায়। মাদকাসক্তি থেকে ফিরে আসা এক অভিনেতার উত্থান-পতনের গল্প বক্স অফিসেও হয় সুপারহিট।
হিরানির সর্বশেষ ছবি ডানকির বিষয় অবৈধ অভিবাসন। শাহরুখ খান অভিনীত এই ছবিতে স্বপ্নের দেশে পৌঁছাতে গিয়ে সাধারণ মানুষের সংগ্রাম আর ত্যাগের গল্প বলেছেন তিনি। আগের ছবিগুলোর মতো এটিও হাস্যরসের ভেতর দিয়ে দিয়েছে গভীর সামাজিক বার্তা।
ছয় ছবির ক্যারিয়ারে হিরানি পেয়েছেন ১১টি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চিত্রনাট্যকার অভিজাত যোশীর সঙ্গে তাঁর জুটি বলিউডের সবচেয়ে সফল জুটিগুলোর একটি। শোনা যাচ্ছে, এবার আমির খানকে নিয়ে দাদাসাহেব ফালকের বায়োপিক বানাতে যাচ্ছেন তিনি।




