BRS TIMES
হাসিনার ফেরার ঘোষণায় অস্থিরতা - সতর্ক প্রশাসন
জাতীয়প্রচ্ছদশিরোনাম

হাসিনার ফেরার ঘোষণায় অস্থিরতা – সতর্ক প্রশাসন

হাসিনার ফেরার ঘোষণায় অস্থিরতা – সতর্ক প্রশাসন! ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছেন। তাঁদের ধারণা, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না। তবে তাঁর দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে অস্থিরতা তৈরি এবং রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের ওপর চাপ দেওয়ার চেষ্টা চলছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের হিসাবে, গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি।

পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে থাকা কয়েকজন নেতা দেশে নাশকতার উসকানি ও অর্থ জোগাচ্ছেন। সম্প্রতি ঢাকার মিরপুরসহ একাধিক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে তাঁরা ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগে যুক্ত হয়েছেন।

নাশকতার ঘটনা নিয়ে গতকাল অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

তবে নির্বিচার গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন আইজিপি। একাধিক জেলার পুলিশ সুপার জানান, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার বা মানসম্মত গ্রেপ্তারের ওপর জোর দিয়েছেন তিনি। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলেছেন।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামারুন মুনিরা বলেন, ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে। নাশকতা ঠেকাতে চেকপোস্ট, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো হচ্ছে। শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, আগেই তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন। গত ১০ জুলাই এক সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেন। এরপর সোমবার আরেক খবরে বলা হয়, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন তিনি। এই খবর বের হওয়ার পর সোমবার থেকে আবার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়া শুরু হয় বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাসহ ভারতে আশ্রয় নেওয়া সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে। ভারত ব্যবস্থা নেবে বলে সরকার আশা করছে। তিনি বলেন, নাশকতার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আরও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

বিএনপির সূত্র জানিয়েছে, বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে দলটি রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেআইনি ও অন্যায় তৎপরতার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ করছে। বেআইনি তৎপরতা আইনগত পদ্ধতিতে প্রশাসন ও আদালত দেখবে বলে জানান তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর অভিযোগ, নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঠেকাতে সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন।

Related posts

জন্মাষ্টমীতে মির্জা ফখরুলের শুভেচ্ছা

News Desk

ক্যানসারে আক্রান্তের পর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন বাইডেন

brs@admin

দেশের বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম, ভরিতে কত চলছে

News Desk

ট্রাম্পের শুল্ক-আরোপে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার

brs@admin

মুজিববর্ষ উদযাপন ও মুজিবের ভাস্কর্য নির্মাণে ৪ হাজার কোটি টাকা ব্যয় – তদন্ত শুরু করেছে দুদক

brs@admin

সাতক্ষীরায় আদালতের সাবেক পিপি লতিফের ও তার ছেলের মঞ্জুর

News Desk