যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম বছরে পদার্পণ উপলক্ষে যশোরের বেনাপোলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেনাপোল পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক রানারের বেনাপোল প্রতিনিধি ফোরকান জামান। এতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনিয়ম-দুর্নীতি ও সামাজিক অসংগতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতার মধ্যেও তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রধান অতিথি নিয়াজ মাখদুম বলেন, গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরা। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীলতা, সততা ও নিরপেক্ষতা অত্যন্ত জরুরি।
বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
এ ছাড়া স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে অতিথিরা দৈনিক রানারের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত দৈনিক রানার দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে পরিচিতি ধরে রেখেছে। আগামী দিনেও পত্রিকাটি সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।




