যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার মধ্যে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ড. ইউনূসকে উদ্দেশ করে মেঘনা আলম লেখেন, ‘তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে।’
পোস্টে তিনি ইউনূসের শাসনামলে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করা হয়েছিল। ওই ঘটনার জন্য ড. ইউনূসকে দায়ী করে তিনি সমালোচনামূলক মন্তব্য করেন।
মেঘনা আলম মৎস্যজীবী দলের নেত্রী। তাঁর এই পোস্টটি যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে তৈরি হওয়া আলোচনার মধ্যে সামনে এসেছে।
এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
পরে নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বিমানবন্দরে এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন, আবার অনেকে বিক্ষোভকারীদের বক্তব্য নিয়ে আলোচনা করছেন। এর মধ্যেই মেঘনা আলমের পোস্টটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




