25 C
Bangladesh
Monday, October 12, 2026
BRS TIMES
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব, প্রাণহানি ৪
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব, নিহত ৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বন্যা, টর্নেডো ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যের পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপসাগরীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, শুক্রবার গভীর রাতে পর্যটনকেন্দ্র ডেস্টিনের কাছে দ্বিতীয় ক্যাটাগরির হারিকেন হিসেবে উপকূলে আছড়ে পড়ে ইসাইয়াস। এ সময় ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। পরে এর তীব্রতা কমে আসে।

কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ায়। একজন ফ্লোরিডার পেনসাকোলার কাছে এবং অন্যজন আলাবামার বার্মিংহামে মারা যান। এ ছাড়া ফ্লোরিডায় এক ব্যক্তিকে তাঁর গ্যারেজে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় গ্যারেজে জেনারেটর চালু ছিল বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা

ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে, যানবাহন উল্টে গেছে এবং বহু ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। ঝড়ের আগে কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এতে অনেক এলাকার সড়ক প্রায় জনশূন্য হয়ে পড়ে।

ফ্লোরিডার উপকূলীয় এলাকার বাসিন্দা ম্যাট হাওয়ার্ড জানান, ঝড়ের কারণে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিবেশীর একটি ছোট ধাতব ঘর উড়ে এসে তাঁর বাড়ির পেছনের উঠানে পড়ে। তবে পরিবারের সদস্যরা নিরাপদে ছিলেন।

তিনি এএফপিকে বলেন, তাঁরা বাড়ির ভেতরে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলেছিলেন।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস শনিবার সতর্ক করে বলেন, ঝড়টি অতিক্রম করলেও বিপদ পুরোপুরি কাটেনি। ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার ও জমে থাকা পানি বিপজ্জনক হতে পারে। পাশাপাশি বাড়ি বা গ্যারেজের ভেতরে জেনারেটর চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকমের হিসাব অনুযায়ী, শনিবার রাতে ঝড়ের গতিপথে থাকা ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

এদিকে, উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ শনিবার কৌশলগত মজুত থেকে সর্বোচ্চ ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ের অনুমোদন দিয়েছে। অঞ্চলটি দেশটির তেল পরিশোধন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র।

বন্যা ও ভূমিধসের আশঙ্কা

ঘূর্ণিঝড়টি উত্তর দিকে ও অভ্যন্তরীণ ভূখণ্ডের দিকে এগিয়ে যাওয়ায় বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করেছে, কিছু এলাকায় ২৫ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণ অ্যাপালাচিয়ান পর্বতমালা অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ক্যারোলাইনার পাহাড়ি এলাকাগুলো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ২০২৪ সালে হারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ওই অঞ্চলের অনেক জনপদ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হারিকেন হেলেনও ফ্লোরিডার একই অঞ্চলে উপকূলে আঘাত হেনেছিল। পরে এর শক্তি কমে গেলেও প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয় এবং প্রাণহানি ঘটে। ইসাইয়াসের প্রভাবে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related posts

ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ

News Desk

ঈদের আগেই মিলবে নতুন নোট

brs@admin

চুরি-দুর্নীতি করিনি, দেশের ক্ষতিও করিনি: আরিফিন শুভ

brs@admin

শিগগির প্রকাশ হবে এসএসসির ফলাফল

brs@admin

চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

News Desk

ঋতুপর্ণ ঘোষ – যে নির্মাতা বদলে দিয়েছিলেন সিনেমার ভাষা

brs@admin
Translate »